নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী কৃষি কর্মকর্তার মৃত্যু
কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করতে একটি এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সির হাট সড়কের রোহিতার পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান।
নিহত মো. আব্দুর রহমান সুমন (৩৮) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে শ্বশুর বাড়ি থেকে একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্দেশে মোটরসাইকেলে করে বের হন সুমন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
ওসি সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
