১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝড়ের মধ্যে বেরিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ মিলল লেকে

“আমরা বৃষ্টির মধ্যেও তাকে সিদ্ধিরগঞ্জ লেকসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি কিন্তু পাইনি।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:40 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লেক থেকে ভাসমান অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।

মৃত ১৪ বছর বয়সী ওই কিশোর সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মৃত ওই কিশোরের নাম মো. আনাস। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিজমিজি এলাকার আলমাস মিয়ার ছেলে এবং সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা আলমাস মিয়া সাংবাদিকদের বলেন, তার ছেলে আনাস সোমবার দুপুরে পরীক্ষায় অংশ নিতে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে পরীক্ষা স্থগিত হলেও সে আর বাসায় ফেরেনি।

তিনি বলেন, “সোমবার সারাদিন বাসায় না ফেরায় আমরা আনাসকে খুঁজতে শুরু করি। পরে তার সহপাঠীদের কাছ থেকে জানতে পারি যে, সে বন্ধুদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ লেকে গোসল করতে নেমেছিল।

“আমরা বৃষ্টির মধ্যেও তাকে সিদ্ধিরগঞ্জ লেকসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি কিন্তু পাইনি।”

সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান বলেন, সকালে স্থানীয়রা লেকে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা আনাসের লাশ সনাক্ত করে।

ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, “ওই কিশোর লেকে গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে ডুবে গেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।