Published : 14 Jul 2025, 11:36 AM
বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের প্রাণ গেছে।
রোববার রাতে সদর উপজেলার সুয়ারক ইউনিয়নের ওয়াইজংশন এলাকার রাংলাই ম্রো পাড়ায় এ ঘটনা ঘটে বলে বান্দরবান সদর থানার ওসি মাসুদ রানা জানান।
মৃতরা হলেন- সুয়ারক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওরকান ম্রো (৭১), রাওলেন ম্রো (৪০) ও তুমলে ম্রো।
ওসি মাসুদ রানা বলেন, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে একটি ঘরে আগুন ধরে যায়। সেখানে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবার তিন নারী সদস্য মারা গেছেন। খবর পেয়ে বান্দরবান সদর থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
মৃতরা সুয়ালক রেণিক্ষ্যং মৌজার হেডম্যান এবং সুয়ালক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাইলাই ম্রোর আত্মীয় বলে জানা গেছে।
রাংলাই ম্রো বলছিলেন, “নিহত তিনজনের মধ্যে আমার চাচি, চাচাত বোন এবং চাচাত ভাইয়ের মেয়ে রয়েছে। খবর পেয়ে পাড়ায় এসে খবর নিচ্ছি। কিভাবে দুর্ঘটনাটি ঘটে গেল এখনও বিস্তারিত জানি না।”
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, রোববার রাত ২টার দিকে স্থানীয় লোকজন তাকে তিনজনের মৃত্যুর খবর জানান। তবে দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় ঘটনাটি তখন বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক দিলিপ চৌধুরী বলছেন, “বিদ্যুৎস্পৃষ্টে আহত এক নারীকে ভোর ৩টা ২০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা করে দেখা যায় পথেই তার মৃত্যু হয়েছে।”
স্থানীয় কয়েজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গভীর রাতে পাড়ার পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। তখন একটা ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল। সেগুলোর মিটার ও সংযোগে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ সময় ওই তিন নারী বৈদ্যুতিক মিটার বন্ধ করতে গেলে একে একে বিদ্যুতায়িত হয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আমির হোসেন বলেন, “ট্রান্সফরমার নষ্ট হলে বিদ্যুৎ থাকার কথা না। যে মূহুর্তে ট্রান্সফরমার নষ্ট হবে সে মূর্হুতেই বিদ্যুৎ চলে যাবে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না খতিয়ে দেখা হবে।”
চিম্বুক পাহাড়ে ওয়াইজংশনের রাংলাই ম্রো পাড়া বান্দরবান শহর থেকে ১৮ থেকে ২২ কিলোমিটার দূরে। সেখানে মূলত ম্রো সম্প্রদায় লোকজনের বসবাস করে।
ওয়াইজংশনের এলাকা থেকে ভাগ হয়ে একদিকে রুমা রাস্তা এবং অপরদিকে থানচি রাস্তা চলে গেছে। এজন্য এলাকাটি ওয়াইজংশন রাংলাই ম্রো পাড়া নামে পরিচিত।