Published : 02 Sep 2026, 03:55 PM
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন বাগেরহাট পৌরসভার শতাধিক পরিচ্ছন্নতাকর্মী।
বুধবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যে পরিচ্ছন্নতার কাজ বন্ধ রেখে পৌর প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।
এর মধ্যে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন পাঁচশ টাকা বৃদ্ধি করা হয়েছে; যা চলতি মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বাগেরহাট পৌরসভার প্রশাসক মেজবাহ উদ্দীন।
পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া ও সুফিয়াদের অভিযোগ, ১৫ থেকে ২০ বছর ধরে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছেন তারা। দীর্ঘদিন তিন হাজার টাকা বেতনে কাজ করেছেন।
সবশেষ ২০২৫ সালে তিন হাজার টাকা বেতন থেকে বেড়ে চার হাজার টাকা হয়। সেই সময় পৌর কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল কিছুদিন পর আবার বেতন বাড়ানো হবে। অনেকদিন হয়ে গেলও কিন্তু তাদের বেতন আর বাড়েনি।
রোকেয়া বলেন, “আমরা রাস্তা ও ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করি। রোদ, বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রম করি। পৌরসভা আমাদের যে বেতন দেয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।
“আমরা আজ বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে বেতন বাড়াতে এখানে অবস্থান নিয়েছি। তাই আমাদের বেতন বাড়াতে পৌর প্রশাসকের কাছে জোর দাবি জানাচ্ছি।”
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দীন বলেন, “আমি চার মাস হলো প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিগত সময় পরিচ্ছন্নতাকর্মীরা কাজে ফাঁকি দিয়ে বেতন উত্তোলন করেছেন।
“আমি আসার পর পরিচ্ছন্নতা কর্মীদের কাজের নিয়মিত তদারকি করছি। পৌরসভায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে অগাস্টে সভা করা হয়। ওই সভা থেকে তাদের প্রত্যেকের বেতন ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়। এখন থেকে তারা সাড়ে চার হাজার টাকা করে পাবেন।”
তবে হঠাৎ করে তারা কেন আন্দোলন করছেন, তা বোধগম্য হয় বলে জানান এই পৌর প্রশাসক।