১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় জরিমানা ৫০ হাজার

ঢাকা-আরিচা মহাসড়কে ‘গুডলাক ফিলিং স্টেশনে’ এ অভিযান পরিচালনা করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 07:30 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

মানিকগঞ্জ সদরের একটি ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলে নেতৃত্বে সোমবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তাঁতি কালিয়ানি এলাকায় গুডলাক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক শাহরিয়ার জামান ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান রুমেলে বলেন, “অভিযানে গুডলাক ফিলিং স্টেশনে ৫ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পান ভোক্তা অধিকার ও এনএসআইয়ের কর্মকর্তারা। 

“তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক মো. সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”

এ সময় পাম্পের তেল সরবরাহকারী যন্ত্রটির পরিমাপ পাম্পের কর্মচারীদের দিয়ে ঠিক করা হয় বলে তিনি জানান।