১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরিশালে ঝড়ের কবলে ট্রলার ডুবি, তিনজন নিখোঁজ

নিখোঁজদের সন্ধানে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালাচ্ছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 09:09 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন। 

সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান। 

নিখোঁজরা হলেন- উপজেলার ধূলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং একই এলাকার মো. হারুন বিশ্বাস (৪৫)।

নৌ পুলিশ জানায়, জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধূলখোলা খেয়াঘাটের উদ্দেশে ট্রলারটি যাচ্ছিল। মাঝ নদীতে যাওয়ার পর ঝড় শুরু হলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। 

ট্রলারে থাকা আটজনের মধ্যে পাঁচজন পাশ দিয়ে যাওয়া একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। তবে তিনজন নিখোঁজ হন। 

নিখোঁজদের সন্ধানে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে জানান পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।