১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় বাবা ও ছেলের মৃত্যু

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়, বলছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 11:30 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় এক ব্যক্তি ও তার ছেলের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ছেলে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানিয়েছেন।  

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের পুরনাবেড়া গ্রামের অটোরিকশা চালক আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

এ ঘটনায় আহত রাসেল খন্দকার নিহত মান্নান খন্দকারের বড় ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি আব্দুর রউফ বলেন, “আব্দুল মান্নান তার অটোরিকশায় করে দুই ছেলেকে নিয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে খানাখন্দ থাকায় তিনি সড়কের মাঝামাঝি দিয়ে গাড়ি চালাচ্ছিলেন।

“এ সময় বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল মান্নান খন্দকার ও ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যান। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিয়ে যায়।”

ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।