Published : 07 Sep 2026, 06:17 PM
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
সোমবার দুপুরের দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে কৃষকরা অভিযোগ করেন, জমি প্রস্তুত ও ফসল রোপণের এই মৌসুমে ডিলারদের কাছে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। কৃত্রিম সংকট তৈরি করে রাখা হচ্ছে এবং কালোবাজারে চড়া দামে সার বিক্রি করা হচ্ছে।
কৃষকরা ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রির দাবি জানান। একই সঙ্গে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তারা দ্রুত সংকট সমাধান ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।
পরে বিএডিসি সার ডিলারের কাছ থেকে প্রতিজন কৃষককে সরকারি দামে নির্ধারিত পরিমাণে টিএসপি, ডিএপি ও পটাশ সার সরবরাহ করা হয়।
এ ব্যাপারে জানতে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের মোবাইলে ফোন করা হলে ব্যস্ততার কথা বলে কেটে দেন। পরে ফোন করলেও আর ধরেননি।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “প্রত্যেককে সব ধরনের ১৫ কেজি করে সার দেওয়া হয়েছে। বিষয়টি কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত সরবরাহের জন্য বলা হয়েছে। সার আসলে চাহিদামত দেওয়া হবে।”