Published : 16 Jul 2025, 05:24 PM
নাটোরে স্মৃতিস্তম্ভ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট, বিশেষ মোনাজাত, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে নাটোর শহরের ভবানিগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
আসমা শাহীন বলেন, জুলাই অভ্যুত্থানে নাটোরে আটজন শহীদ হয়েছেন। তারাসহ সারা দেশের জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
এরপর বেলা ১১টার দিকে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে আসমা শাহীন বলেন, “৫ অগাস্টের পর থেকে খেলার মাঠগুলো আমরা খেলোয়াড় শূন্য দেখেছি। তা থেকে উত্তরণের জন্য জেলাজুড়ে আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করছি।”
বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজনে ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানসহ জেলা প্রশাসনের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।
টুর্নামেন্টে জেলার ছয় উপজেলা থেকে দুইটি করে এবং সদর উপজেলা থেকে চারটি দল, মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। আগামী ৫ অগাস্ট এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া জুলাই শহীদ দিবসে জেলাজুড়ে মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনাসভা, প্রতীকি ম্যারাথনসহ নানা কর্মসুচি অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা আসমা শাহীন।