Published : 16 Aug 2026, 09:58 PM
আওয়ামী লীগের সময়ে হওয়া প্রতিটি খুনের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, “এই বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচার হবে। প্রতিটি খুনের বিচার হবে। সেই বিচারের প্রতিটি পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে।”
রোববার বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার করতে এমন প্রমাণ উপস্থাপন করা হবে, যা বিশ্বের যেকোনো আদালতে গ্রহণযোগ্য হবে। এ ক্ষেত্রে দুর্বল প্রমাণের ওপর নির্ভর করা হবে না।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে মানুষের আস্থা ও ভরসা অর্জনের জন্য কাজ করেছে। তবে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সংকট রয়েছে। এই সংকট সমাধানের উপায় বের করার চেষ্টা চলছে।
জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই আন্দোলনে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার তরুণ আহত হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।
আইনমন্ত্রী বলেন, “এই বাংলাদেশে আর ফ্যাসিবাদের ফিরে আসার পথ সুগম করতে পারি না। আমরা যদি ব্যর্থ হই, তাহলে হেলাল হাফিজের কবিতার ভাষায় বলব, ‘উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো’।”
তিনি বিএনপির গত ১৭ বছরের আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন। তার দাবি, ওই সময়ে বিএনপির সাড়ে চার হাজার নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা, ৭০০ জনকে গুম এবং ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল।
এর আগে বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বারের সংস্কারের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য মো. জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।