১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৫ টাকায় ঈদের পোশাক পেল ৫০০ সুবিধাবঞ্চিত শিশু

ঈদের নতুন জামা পেয়ে অনেক শিশুর চোখে ছিল খুশির জল।

চাঁদপুরে ৫ টাকায় ঈদের পোশাক পেল ৫০০ সুবিধাবঞ্চিত শিশু
চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে পাঁচ টাকার ঈদ বাজার।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 03:19 PM

Updated : 26 Aug 2026, 12:23 PM

ঈদের আনন্দ যেখানে অনেকের জন্য নতুন পোশাকের হাসি, সেখানে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদের শত শত সুবিধাবঞ্চিত শিশুর সেই হাসি ছিল অনিশ্চিত। তবে তাদের সেই স্বপ্নপূরণে এগিয়ে এসেছে একটি সামাজিক সংগঠন।

শনিবার সকালে ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠ রঙিন হয়ে ওঠে বাহারি পোশাকে। সেখানে প্রায় ৫০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে পাঁচ টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।

‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’ স্লোগানকে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে সামাজিক সংগঠন ‘স্বপ্নতরু’। এরই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ব্যতিক্রমী এই ঈদ বাজারের আয়োজন করা হয়।

শিশুদের হাতে জামা তুলে দেওয়া হয় ‘ক্রয় করার’ অনুভূতি থেকে; যাতে তারা বুঝতে পারে, এই জামা নিজেরাই কিনেছে, দয়ার হাত পেতে নয়।

স্বপ্নতরুর সভাপতি গিয়াসউদ্দিন বলেন, “আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা চাই, কেউ যেন ঈদের দিন নতুন জামা না পেয়ে কষ্টে না থাকে। সেই ভাবনা থেকে পাঁচ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। যাতে তারা বোঝে, এ আনন্দ তাদের নিজের অধিকার।”

ঈদের নতুন জামা পেয়ে অনেক শিশুর চোখে ছিল খুশির জল। কারও হাতে রঙিন জামা, কারও হাতে নতুন ফ্রক, কেউবা পাঞ্জাবি গায়ে দিয়ে বলছিল, ‘এবার আমিও নতুন জামা পরব!’

ফরাক্কাবাদের স্কুল মাঠের সেই দৃশ্যটা ছিল মানবতার সবচেয়ে সুন্দর ছবির মতো। মাত্র পাঁচ টাকায় কেনা জামা শত শত শিশুর মুখে ঈদের হাসি ফুটেছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা এবং স্বপ্নতরু সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।