Published : 01 Jan 2026, 03:13 PM
নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রামে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়গুলোতে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক ও মাদ্রাসা স্তরে এখনো কিছু ঘাটতি রয়েছে।
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলেনুর বেগম।
বই বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় বলেন, “চলতি বছর নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পাওয়া গেছে।
“সব বিদ্যালয়ে চাহিদা মাফিক বই পৌছানো হয়েছে। বৃহস্পতিবার থেকে তা আনুষ্ঠানিকভাবে বিতরণ চলমান আছে।”
কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নয়টি উপজেলায় ১ হাজার ২৪০টি বিদ্যালয়ের শিশু শ্রেণীর জন্য ৪৩ হাজার ৭৯০টি এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চাহিদা ছিল ১২ লাখ ৬৫ হাজার ৯৪৯টি বই। যা শতভাগ পাওয়া গেছে।
আর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বলছে, নিম্ন মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য মোট বরাদ্দ ছিল ১৫ লাখ ৭২ হাজার ৪৯০টি বই। যার মধ্যে পাওয়া গেছে ৯ লাখ ১ হাজার ৮৩৬টি।
দাখিল মাদ্রাসায় চাহিদা ছিল, আট লাখ ৮১ হাজার ১৫৬টি বই। এর মধ্যে পাওয়া গেছে দুই লাখ ৫৮হাজার ৩৩৮টি। এবতেদায়িতে ৬ লাখ ৫২হাজার ২১০টি বইয়ের মধ্যে পাওয়া গেছে ৫ লাখ ৬২ হাজার ২১০টি।
এসএসসি ভোকেশনালের চাহিদা ৭৭ হাজার ৭৬৩টি বই। দাখিল ভোকেশনালের ৪ হাজার ৬৫০টি বই শতভাগ পাওয়া গেছে।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, “আমরা যা বই পেয়েছি তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পৌছানো হয়েছে; বিতরণ চলছে।”
তিনি বলেন, “বাদবাকি বই আসার জন্য পাইপ লাইনে আছে। আশা করি, সেগুলো চলতি মাসে পাওয়া যাবে।”