Published : 04 Dec 2024, 07:24 PM
জামালপুর সদরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলাসহ নাশকতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকালে জামালপুরের মুখ্য বিচারিক হাকিম আমলি আদালতের বিচারক রোমানা আক্তার এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আনিছুজ্জামান।
আবুল কালাম আজাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।
পিপি আনিছুজ্জামান জানান, নাশকতা পরিকল্পনায় সদর থানায় করা দুটি মামলায় আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখায় আদালত। পরে জামিনের জন্য আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে আদালত।
সাবেক এই সংসদ সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও চলতি বছরের ৩ অগাস্ট ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে নাশকতার দুটি মামলায় আবুল কালাম আজাদকে আসামি করা হয়েছে।