১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে বাড়ছে হাম উপসর্গের রোগী, ১ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 01:14 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

সারাদেশের মতো ফরিদপুরেও ক্রমেই বেড়ে চলেছে হামে উপসর্গের রোগীর সংখ্যা। হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। 

এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এক শিশুর। 

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, হামের উপসর্গ নিয়ে মারা যায় রহিমার বয়স সাত মাস। শিশুটির পরিবার মাদারীপুর জেলার ঝাউদি সদর উপজেলার বাসিন্দা। 

গত ২৭ মার্চ শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। পাঁচ দিন চিকিৎসা শেষে বুধবার বিকালে শিশুটির মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে মোট ২৩ জন শিশু হামের চিকিৎসা নিচ্ছেন। 

হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে।

জেলার এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, যে সব রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তাদের মেডিকেল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে।