০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় উপবৃত্তির কথা বলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

উপবৃত্তির ফরমে স্বাক্ষর করার কথা বলে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয় বলে জানায় পুলিশ।

গাইবান্ধায় উপবৃত্তির কথা বলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
কারাগারে যাওয়া মো. রঞ্জু মিয়া।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 09:42 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উপবৃত্তির দেওয়ার কথা বলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক।

কারাগারে যাওয়া মো. রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ।

এ ঘটনায় শুক্রবার ওই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করলে রাতেই উপজেলার পান্থাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযোগের বরাতে পুলিশ জানায়, গত চার মাস আগে ওই ছাত্রীর মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে ভর্তি হন। ভর্তির পর অধ্যক্ষ রঞ্জু মিয়া কৌশলে ওই ছাত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন।

পরে লেখাপড়ার খোঁজ-খবর নেওয়ার অজুহাতে তার সঙ্গে প্রায় মোবাইল ফোনে কথা বলতেন অধ্যক্ষ। এক পর্যায়ে মেয়েটিতে উপবৃত্তি পাইয়ে দেওয়ারও আশ্বাস দেন তিনি।

ওসি মোজাম্মেল হক বলেন, “গত বছরের ১৮ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপবৃত্তির ফরমে স্বাক্ষর করার জন্য ওই ছাত্রীকে মোবাইল ফোন করে বাসায় ডেকে নেন অধ্যক্ষ রঞ্জু মিয়া। সেখানে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন তিনি।

“সেই সময় কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করেন তিনি। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন রঞ্জু।”

মোজাম্মেল হক বলেন, আসামি রঞ্জুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।