সুনামগঞ্জ সীমান্তের পরিত্যক্ত ঘরে বিপুল ভারতীয় জিরা ও ফুচকা, জব্দ
জব্দকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে বিপুল জিরা ও ফুচকার চালান জব্দ করেছে যৌথবাহিনী।
রোববার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রাম থেকে এসব পণ্য জব্দ করা হয়েছে বলে জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সুনামগঞ্জ-২৮ বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একজন কর্মকর্তাসহ ১৫ জন সদস্য এবং বিজিবির জেসিও নায়েব সুবেদার কাজী মোহাম্মদ কামালের নেতৃত্বে ১৪ জন বিজিবি সদস্যসহ ৩০ জনের একটি দল অভিযানে অংশগ্রহণ করে।
এসময় মালিকবিহীন অবস্থায় দুই হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
সীমান্ত অতিক্রম করে চোরাই পথে বিনাশুল্কে নিয়ে আসা এসব পণ্যের চালান শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিয়মিত অভিযান চলছে। এছাড়াও সীমান্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
