১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে মানুষের বিপুল কঙ্কালসহ আটক ৩

যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল কঙ্কালসহ তিনজনকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

ময়মনসিংহে মানুষের বিপুল কঙ্কালসহ আটক ৩
আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 03:59 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে মানুষের বিপুল কঙ্কালসহ তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার দুপুরে ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোরে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে কঙ্কালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. সাইফুল (৪৫), ফারুক হোসেন (৪৮) এবং আলমগীর হোসেন (২৪)। তারা ময়মনসিংহ সদর ও শেরপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একটি বাসে অভিযান চালিয়ে ওই তিনজনের সঙ্গে থাকা ব্যাগে মানুষের তিনটি মাথার খুলি, ২৮টি শরীরের বিভিন্ন অংশের হাড়, একটি মেরুদণ্ডের হাড় পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন কবর থেকে মানুষের হাড় চুরি করে পাচার করার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।

তিনি আরো বলেন, এ ঘটনায় ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের এসআই সজীব মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।