১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের ‘গোলাগুলি’, ৪ পিস্তল উদ্ধার

“জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 01:24 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। 

তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের যামিনীপাড়া সীমান্তে সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানিয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় উভয় পক্ষের কেউ হতাহত হয়নি। 

লেফটেন্যান্ট কর্নেল খালিদ হোসেন বলেন, গোপন খবরে বিজিবির টহলদল সীমান্ত এলাকায় চোরাকারবারীদের অবস্থান শনাক্ত করে ধাওয়া দেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

তার ভাষ্য, “জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে যায়।”

যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে এবং জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিবিবির এ কর্মকর্তা জানিয়েছেন।