১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

ঢাকা থেকে চাঁদপুরে গ্রামের বাড়িতে ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 08:46 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

শাহজালাল বিমানবন্দর থেকে চাঁদপুরে গ্রামের বাড়িতে ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সৌদি ফেরত এক প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে গাড়িচালক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ।

ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন (৫৫) চাঁদপুর সদরের পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে।

আহত গাড়ি চালক মো. ফিরোজ মিয়া (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, দেলোয়ার ভোরে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে করে চাঁদপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে চারটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আসা ১০ থেকে ১২ জনের একটি দল গাড়ির গতিরোধ করে।

ডাকাতরা তার কাছ থেকে পাসপোর্ট, দুটি মোবাইল ফোন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয়। এ সময় গাড়ির চালক ফিরোজ ডাকাতদের বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। এতে তার ডান হাতে গুলি লাগে।

ওসি মহিববুল্লাহ বলেন, “প্রবাসীর গাড়িতে ডাকাতির চেষ্টা হলেও টহল পুলিশের তাৎক্ষণিক চেষ্টায় তা পুরোপুরি সম্ভব হয়নি। তবে ধস্তাধস্তি হয়েছে এক পর্যায়ে ডাকাতদের গুলিতে একজন আহত হন।”

এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।