Published : 17 May 2026, 09:10 PM
মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
রোববার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালি বাজারসহ আশপাশের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভাঙন পরিস্থিতি দেখে মন্ত্রী বলেন, “চোখের সামনেই মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। জনগণের পাশে থাকা এবং তাদের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব।”
বর্ষা মৌসুম সামনে রেখে ভাঙন রোধে এরই মধ্যে জরুরি কাজ হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আরও দুই-তিনটি পয়েন্টে দ্রুত জরুরি কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী অর্থবছর থেকে ভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। প্রয়োজনীয় জরিপ প্রতিবেদন পাওয়ার পর এসব কাজ শুরু করা হবে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ পুরো হাতিয়া অঞ্চলে নদীভাঙন রোধে একাধিক প্রকল্প চলমান রয়েছে। তবে সুবর্ণচরের এই এলাকায় টেকসই বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের, তাই সেখানে অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী কাজ নেওয়া হবে।
সরকারের তিন মাসের কাজের মূল্যায়ন তুলে ধরে মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়েছে। এরপর থেকে বিভিন্ন খাতে উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর চৌধুরী আলো এবং জেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ আজাদ।