টাঙ্গাইলে পুকুরে গোসলে নেমে চাচা-ভাতিজার মৃত্যু
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর প্রাণ গেছে।
শুক্রবার সকালে আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
মৃতরা হলেন- নাল্লাপাড়া গ্রামের মো. রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) ও একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
স্থানীয়দের বরাতে ওসি সাখাওয়াত বলেন, “আব্দুর রহমান ও ফয়সাল সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। এক পর্যায়ে বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে তলিয়ে যায়।
“পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”
ওসি সাখাওয়াত বলছেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ থানা আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
