২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

উড়ালসড়কের কাজে ফেটেছে তিতাস গ্যাসের লাইন, সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজের সময় এ ঘটনা ঘটে।

উড়ালসড়কের কাজে ফেটেছে তিতাস গ্যাসের লাইন, সরবরাহ ব্যাহত
ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 01:09 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাসের বিতরণী পাইপলাইন ফেটে যাওয়ায় আশেপাশের গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

শনিবার বিকালে উড়ালসড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায় বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ।

তিনি বলেন, “১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে।

“শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। রোববার সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। 

কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি। প্রস্তুতি নিচ্ছি, দুপুরের দিকে কাজ শুরু করলে আবারও সরবরাহ বন্ধ থাকবে।”

এ মেরামতের কাজ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এ কর্মকর্তা।

এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপলাইন ফেটে যাবার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। 

একইসঙ্গে গ্যাসের উপর নির্ভর শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।