Published : 04 Dec 2025, 04:40 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা আল জাবের ওরফে জাবেদ আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা কয়েক ঘণ্টার মধ্যেই বদলে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতেই নতুন বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ বহাল রাখার কথা জানায় সংগঠনটি।
বুধবার সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জাবেরসহ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এরপর জাবেদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও প্রকাশ হওয়ার পর রাত ১০টার দিকে মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে জাবেদের বহিষ্কারাদেশ বহাল রাখা হয়।
এতে উল্লেখ করা হয়, ভুলবশত এক বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আল জাবের ওরফে জাবেদ আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাবেদের বহিষ্কার আদেশ বহাল থাকবে।
স্থানীয় নেকাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের বাসিন্দা জাবের উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ৫ জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে জয়ী হন।
তাদের ভাষ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়কের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত যোগ দিতেন। নির্বাচনে জয়ী হয়ে জাবেরের আওয়ামী লীগ সরকারের গণপূর্ত মন্ত্রীর পাঁ ছুয়ে সালাম করার ছবিও তখন ভাইরাল হয়।
বিজয়নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক বোখারি মোল্লা বলেন, “জাবের আহমেদ জয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচন করে বহিষ্কার হয়েছিল।
“সেই নির্বাচনের পরে উপজেলার সকল আওয়ামী লীগ নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মজিবুর রহমানের মাজারে ফুল দিয়েছে। এমনকি এই আসনের সাবেক মন্ত্রীর পাঁ ছুয়ে সালাম করতো। উপজেলার সব প্রোগ্রামেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে অনুষ্ঠান শেষ করতো।”
এদিকে জাবেরের পুরানো একটি ভিডিও ফেসইবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।
এ সময় জাবের ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিজের অভিভাবক বলে সম্বোধন করেন। এক পর্যায়ে তিনি জয় বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
এ বিষয়ে জানতে চাইলে মিনহাজুল ইসলাম ভূঁইয়া বলেন, “ভুল হয়েছিল। আমাদের তথ্যের একটু ঘাটতি ছিল। জাবেরের বহিষ্কারাদেশ বহাল থাকবে।”