১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসুতে পরাজিতদের ‘হারু পার্টি’

আয়োজনে ছাত্রদল, বাম, অন্যান্য সংগঠনের ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 01:00 AM

Updated : 26 Aug 2026, 02:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে জয়ীদের কাজে সহযোগিতা, জবাবদিহিতা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ‘অভিনব’ আয়োজন করেছে পরাজিত প্রার্থীরা।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলা মাঠে ‘হারু পার্টি’ নামে এই আয়োজন করেন তারা। আয়োজনে ছাত্রদল, বাম, অন্যান্য সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার রাকসুর ভোট হয়েছে। সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবির। ২৩টি পদের মধ্যে ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। জিএস পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নুর উদ্দিন আবির বলেন, “আমরা এখানে আজ একত্রিত হয়েছি, জয়ী প্রার্থীরা যেন নিজের খেয়াল খুশীমত কাজ না করতে পারে। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। তারা যেন ইশতেহারের বাইরে কাজ না করতে পারে সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

আবির আরও বলেন, “জয়ী প্রার্থীরা বলেছেন, তারা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। আমাদের দায়িত্ব তাদের সহযোগিতা করে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।”

রাকসুতে স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী শাহ পরাণ লিখন বলেন, “অনেকেই বলছেন, হেরে গিয়ে আমরা কান্না করছি। আমরা রুম থেকে বের হচ্ছি না। তাদের দেখাতেই আমরা আজ একসঙ্গে হয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা একটি সুস্থ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”

জুলাই ৩৬ হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী উম্মে হুমাইরা বলেন, “আমরা হেরে গিয়েছি তাতে কী হয়েছে? আমরা চাই, সবাই মিলে ভালো কাজ করুক। সবার মাঝে একটা ঐক্য বজায় থাকুক। আমরা কাল বা পরশু বিশ্ববিদ্যালয় পরিষ্কার করার মাধ্যমে আগামী রাকসুর প্রস্তুতি শুরু করব।”