২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

“অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ তিনজন নিহত হয়।”

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 04:09 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

পাবনার বেড়া উপজেলার যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার রাত ১০টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালভি ইসলাম (২৩)। বাকি দুজনের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

ওসি হারুন অর রশিদ বলেন, “বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। পথে নতুন বাজার কবরস্থানের কাছে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহন নামের বাস অটোরকিশাকে ধাক্কা দেয়।

“এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুসহ তিনজন নিহত হয়।”

এ ঘটনায় আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।