নড়াইলে দুই যানের সংঘর্ষের মধ্যে পড়ে পথচারীর মৃত্যু
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের কালিয়া উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারীর প্রাণ গেছে।
রোববার রাত ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছেন।
নিহত ৩৭ বছর বয়সী সবুজ মোল্যা মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে।
ওসি ইদ্রিস আলী বলেন, “মাধবপাশা বাজার এলাকায় একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী সবুজ মোল্যা। তখন ওই দুই যানের সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন তিনি।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
