Published : 04 Feb 2026, 12:54 AM
নীলফামারীর সৈয়দপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে নারায়ণগঞ্জ পিবিআইয়ের একটি দল।
মঙ্গলবার দুপুরে শহীদ জিকরুল হক রোডে এ ঘটনার সময় আসামি পালিয়ে গেছে বলে সৈয়দ থানার ওসি রেজাউল করিম রেজা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ফতুল্লা থানার প্রতারণার এক মামলার আসামি মহসিন আলী মন্টুকে গ্রেপ্তারে পিবিআইয়ের একটি দল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে আসে। জিকরুল হক রোডে মহসিনকে মাইক্রোবাসে তোলার সময় তিনি ‘ভুয়া ডিবি পুলিশ’ বলে চিৎকার করে আশেপাশের লোকজনের সাহায্য চান।
এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হট্টগোল বেধে যায়। এই সুযোগে মহসিন পালিয়ে যান। আর ভুয়া পুলিশ মনে করে লোকজন পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
মহসিন আলী মন্টু সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা। সৈয়দপুর শহরের খালেদ মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নাম প্রকাশ না করে জিকরুল সড়কের এক ব্যবসায়ী বলেন, “মাইক্রোবাসে মহসিনকে তোলার সময় তিনি ‘ভুয়া ডিবি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে’ বলে চিৎকার করতে থাকেন। তখন আমরা ও আশপাশের মানুষ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসা করতে থাকি। এর মধ্যেই কে বা কারা পেছন থেকে গাড়িতে ইট মারলে উত্তেজনা সৃষ্টি হয়।”
নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমাদের একটি টিম প্রতারণা মামলার আসামি ধরতে গিয়ে সৈয়দপুরে মবের শিকার হয়। আসামি মব সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।”
ওসি রেজাউল বলেন, হামলায় আহত পিবিআই টিমের দুই সদস্যকে সৈয়দপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।