Published : 07 Sep 2026, 08:54 PM
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় আটক ৩৮ জনকে ১৫ দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা হয় ছয়টি ড্রেজার ও একটি বলগেট জাহাজ।
সোমবার কোস্ট গার্ড দক্ষিণ জোন নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন।
কোস্ট গার্ড জানায়, একদল অসাধু চক্র মেঘনা নদীর নির্দিষ্ট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন ৩৮ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া দুইজনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা ড্রেজার ও বলগেট কোস্ট গার্ডের জিম্মায় রাখা হয়েছে। নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।