১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ধামইরহাট ও মান্দা উপজেলায় এসব ঘটনা ঘটে।

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 05:00 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

নওগাঁর ধামইরহাট ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা। 

মৃতরা হলেন- ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন (৩৮) এবং মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু (৩৫)।

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এদিকে মান্দা থানার ওসি মাসুদ রানা বলেন, চকরামপুর মধ্যপাড়ায় বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টুর মৃত্যু হয়। 

এ সময় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা।