Published : 18 Aug 2025, 12:43 PM
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুতির পর উদ্ধার কাজ শেষে ১২ ঘণ্টা পর যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে রহনপুর-রাজশাহী রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে ৫টা ১৫ মিনিটের দিকে উদ্ধার কাজ শেষ হয় বলে আমনুরা রেল স্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হাসান।
ফার্নেস ওয়েল নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে আমনুরা স্টেশন এলাকায় পৌঁছালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর আমনুরা-রহনপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশনে আটকা পড়ে রহনপুর-ঈশ্বরদীগামী একটি কমিউটার ট্রেন।
তবে আমনুরা বাইপাস রেলপথ দিয়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেল যোগাযোগ স্বাভাবিক ছিল।
পরে রাত ১১টার দিকে ইশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
আমনুরা রেল স্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হাসান বলেন, “রাতভর উদ্ধার কাজ শেষে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা পর ভোরে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
“ভোর পৌনে ৬টার দিকে আমনুরা স্টেশনে আটকা পড়া ঈশ্বরদীগামী কমিউটার ট্রেনটি ছেড়ে যায়।”