Published : 10 Jul 2025, 04:26 PM
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা কম হলেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।
বৃহস্পতিবার বেলা ২টায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের কার্যালয়ে এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ।
শহীদুল্লাহ বলেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ; যা গত বছর ছিল ৮৫ শতাংশ। এবার ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।
তিনি বলেন, “এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৫ হাজার ৫৫৮জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬জন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন ও ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন।
“জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ ৫ এর দিকে এগিয়ে রয়েছে।”
ময়মনসিংহ বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করার প্রসঙ্গে বলেন শহীদুল্লাহ বলেন, “৩ হাজার ৩২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১১টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। শিক্ষার্থীরা মনযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে।”
এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
তবে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।
ফলাফল ঘোষণার পর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লাস মেতে উঠেন। বরাবরের মত এবারও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা ধরে রেখেছেন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, “এ বছর ৩১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৫৩ জন।
“এমন ফলাফলে আমরা খুবই উল্লসিত। শিক্ষার্থীরা পরিবর্তী জীবনে সাফল্য ধরে রাখবে সেই প্রত্যাশা রাখছি।”