Published : 09 May 2026, 08:12 PM
খুলনায় শিশু সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় শনিবার এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সকালে খুলনা নগরের একটি হোটেলে এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শংকর কুমার মল্লিক।
শিশু সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ইতিবাচক কাজে লাগাতে হবে। আমি আশা করছি, এ কর্মশালা থেকে শিশুরা ভালো কিছু নিয়ে যাবে। তারা শিশু অধিকারের পাশাপাশি সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্পর্কে ধারণা পাবে।
সেইসঙ্গে শিশুদের মনোযোগ দিয়ে পড়ালেখাও পরামর্শ দেন তিনি।

কর্মশালায় খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শুভ্র শচীন।
দিনব্যাপী কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন প্রস্তুত বিষয়ক মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।
জানুয়ারিতে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই দিনের কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৬ বছর বয়সী ২০ শিশু-কিশোর অংশ নেয়। সেখান থেকে ১০ জনকে একদিনের এ ফলো-আপ কর্মশালার জন্য বাছাই করা হয়।