Published : 13 Jul 2025, 08:11 PM
ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন চালুসহ চার দফা দাবিতে পাবনায় মানববন্ধন করেছে একটি সংগঠন।
রোববার দুপুরে শেকড় পাবনা ফাউন্ডেশনের উদ্যোগে শহরের আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে এবং আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জামায়াতে ইসলামীর পৌর আমীর আব্দুল লতিফ, শিল্পী ওবায়দুল্লাহ তারেক।
এতে অন্যদের পাশাপাশি পাবনা শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন থেকে বক্তারা ঈশ্বরদী বিমানবন্দর চালু, যানজট নিরসেন শহরে চার লেইন সড়ক নির্মাণ, আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবি জানান।
বক্তারা বলেন, দ্রুত পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াত সহজীকরণ করতে হবে। পাবনা আটঘরিয়া হয়ে মাঝপাড়া দিয়ে ৩০ কিলোমিটার ঘুরে ট্রেন ঢাকায় যাওয়ার কথা শোনা যাচ্ছে। এটা কোনোভাবেই মানা হবে না।
কাজিরহাটের ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে দুঘণ্টার পথ ১৫ মিনিটে পারাপার হওয়া যাবে। ঈশ্বরদী ইপিজেড, রূপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করারও দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল, নগরবাড়ি-আরিচায় নতুন যমুনা সেতু নির্মাণ করা এবং পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন করা।
মানসিক হাসপাতাল সংস্কার করতে হবে, এটা জুলাইয়ের মাস। এই চত্বরেই দুজন শিক্ষার্থী শহীদ হয়েছিল। এখনো খুনি গ্রেপ্তার হয়নি। দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।