২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেরপুরে বন্ধুকে বাড়িতে ডেকে কুপিয়ে হত্যা

“নাজমুল তুলাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।

উপজেলার সদর ইউনিয়নের গেরাপচা গ্রামে রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান।

নিহত ৩৫ বছর বয়সী তুলা মিয়া ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি সোহেল রানা বলেন, “তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন গেরাপচা গ্রামের বক্তারের ছেলে নাজমুল হোসেন। নাজমুল তুলাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে টাকা দেনা পাওনাসহ পারিবারিক বিষয়ে নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়।

“এক পর্যায়ে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে তুলাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে তিনি পালানোর চেষ্টা করেন। তখন পাশের বাড়ির ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে যান তুলা। এ সময় নাজমুল তাকে আবারও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”

খবর পেয়ে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।