১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে ‘কটূক্তির’ ভিডিও পোস্ট, তরুণী গ্রেপ্তার

সন্ত্রাস দমন আইনে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 09:55 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ সামনে জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে ‘কটূক্তিমূলক’ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার বিকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার গাজিউর রহমান।

এর আগে সোমবার রাতে গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তার শেখ মিফতা ফাইজা (১৯) নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। ফাইজা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বলে দাবি পুলিশের।

গাজিউর রহমান বলেন, ফাইজা বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে নগরের রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। বিকালে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তবে রিমান্ড শুনানির দিন ধার্য হয়নি।

তিনি বলেন, “সম্প্রতি ফাইজা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি শেখ হাসিনার ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেওয়া ভিডিও ধারণ এবং পরে তা ফেইসবুকে রিলস হিসেবে পোস্ট করেন। অল্প সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।”

পুলিশ জানায়, ফাইজারের ফেসবুকসহ অন্য সামাজিক মাধ্যম পর্যালোচনায় দেখা গেছে, তিনি রাষ্ট্রবিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ারের পাশাপাশি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ পরিচালনা করতেন ফাইজার।

গত ২৫ অক্টোবর তানভির আহমেদ সুইট বিষয়টি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে অবহিত করেন। পরে সোমবার রাতে ফাইজারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অতিরিক্ত কমিশনার গাজিউর রহমান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিজেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে স্বীকার করেছেন।”