১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রীর মৃত্যু

বিকালে ঘোড়াশাল রেলসেতু পার হওয়ার সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে, বলছে পুলিশ।

নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রীর মৃত্যু
ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে লাশ নামানো হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 08:42 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

নরসিংদীতে বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রীর মৃত্যু  হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে ঘোড়াশাল রেলসেতু পার হওয়ার সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান।

নিহত সজিব সরকার (৪০) জেলার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।  

দিলীপ সরকার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীগামী ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এতে ট্রেনের ছাদে থাকা সজিব ছাদেই মারা যান।

“ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে সজিবের লাশ নামানো হয়।”

দিলীপ সরকার বলেন, “পরে সজিবের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।”

নিহতের পরিবারের লোকজন পুলিশ ফাঁড়িতে আসার পর কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে, বলেন এসআই দিলীপ।