Published : 18 Jun 2026, 07:37 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দাখিলের মাধ্যমে বিচার শুরুর আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনীর বাড়িতে গিয়ে এ আশ্বাস দেন তিনি।
হত্যাকাণ্ডকে ‘নির্মম ও নৃশংস’ বলে ত্রাণমন্ত্রী বলেন, “এই ঘটনার নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা আমাদের নেই। যারা এতটুকু একটা শিশুকে হত্যা করতে পারে, তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যা উদাহরণ হয়ে থাকবে। যাতে ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস কেউ না পায়।”
মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী বিধান চন্দ্র বর্মণ (২২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এদিন দুপুরে ত্রাণমন্ত্রী নন্দিনীর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তাদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আসামির দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন তিনি।
পরে আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শিশু নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং সব ধরনের সহযোগিতা দিতে এসেছি। আমাদের সঙ্গে জেলার সংসদ সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।”
মামলার অগ্রগতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। যতটুকু জেনেছি, তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। কিছু কারিগরি ও আইনি পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে।”
লাশ উদ্ধারের দিন আসামিকে নিয়ে ফেরার পথে একদল লোকের হামলায় পুলিশ সুপার ও আদিতমারী থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হন। এতে জেলা প্রশাসকের গাড়িসহ প্রশাসনের অন্তত সাতটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
লাশ উদ্ধারের পর এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে দুলু বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামিকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। পথে কার উসকানিতে প্রশাসনের ওপর আক্রমণ করা হল, সেটি আরেকটি অপরাধ।
“আইন যারা হাতে তুলে নিয়েছে বা এর পেছনে কোনও উসকানি আছে কি-না, তা পুলিশ তদন্ত করে দেখছে।”
সাধারণ মানুষ যারা ‘মব’ বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নয়, তারা নিশ্চিন্তে বাড়িতে থাকবেন জানিয়ে তিনি বলেন, “যারা অপরাধী, যারা প্রশাসনকে আক্রমণ করে ‘মব’ সৃষ্টি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে বলা হয়েছে।”
এ সময় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
শিশুর লাশ উদ্ধার: পুলিশের গাড়িতে হামলা, পুরো গ্রাম রণক্ষেত্র