১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

বোতলটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়।

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়া হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান। 

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ জানায়, বাজারের একটি দ্বিতল ভবনের দোতলায় গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যক্রম পরিচালনা করা হয়। ভোরের দিকে মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে কার্যালয়টি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। 

সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়। পরে নৈশপ্রহরী ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া বলেন, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পাই। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এরমধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও তদারকি রয়েছে। 

সুয়াপুর শাখার পেট্রোল বোমা ছোঁড়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

তবে এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।