১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে নবদম্পতির লাশ মিলল বালুর মাঠে

স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি বালুর মাঠের আশপাশে ঘোরাফেরা করছিল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 12:34 AM

Updated : 10 Sep 2026, 12:19 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবদম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ; এক মাস আগে যাদের বিয়ে হয়৷

সোমবার রাত নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে লাশ দুইটি উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার এসআই আব্দুস সালাম৷

নিহতরা হলেন- ওই এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)।

এসআই সালাম বলেন, স্থানীয়দের খবরে পুলিশ লাশ উদ্ধার করে। পাশাপাশি দুটি লাশ পড়ে ছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের৷

স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি এলাকায় বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল।

লাশ দুটির পাশে চিরকুট পাওয়া যায়।

লাশ দুটির পাশে চিরকুট পাওয়া যায়।

নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল৷

“আমার ভাই আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল৷ দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি”, উজ্জল যোগ করেন।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এসআই সালাম বলেন, “প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।”

এ ব্যাপারে মামলা হবে বলেও জানান তিনি।