বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বরিশাল জাপা
“কর্মী সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বরিশাল জাতীয় পার্টি অংশ নেবে না।”
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বিকালে জেলা ও মহানগর জাতীয় পার্টির এক কর্মী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মহানগর কমিটির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বিকালে নগরীর অক্সফোর্ড মিশন রোডে বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপসের প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মী সভা হয়।
“সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বরিশাল জাতীয় পার্টি অংশ নেবে না। এ সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিকেও জানিয়ে দেওয়া হয়েছে।”
সভায় ইকবাল হোসেন তাপস, জেলা জাপার সদস্য সচিব এমএ জলিল, জাপা নেতা আকতার রহমান সপ্রু, রুস্তম আলী খান, বশির আহমেদ সবুজ, নজরুল ইসলাম হেমায়েতসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
