১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা ঠেকাল বিজিবি

“বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা ঠেকাল বিজিবি
ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 05:45 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ-ইনের বিএসএফের একটি অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সীমান্তের দর্শনা বিওপির আওতাধীন ৭৬/৪-এস মেইন পিলারসংলগ্ন এলাকায় পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়।

বিজিবি জানায়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা এক পুরুষ, তিন নারী ও এক শিশুসহ মোট পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালিয়েছিল।

মেজর তোয়াসীন হাবীব বলেন, “বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। পরবর্তীতে তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়। 

“বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।”

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।