নাটোরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
২০২০ সালের ২৭ এপ্রিল ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নাটোরের লালপুর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের মিয়া।
দণ্ড পাওয়া সিরাজুল ইসলাম (৪১) উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া এলাকার প্রয়াত আব্দুস সালামের ছেলে।
মামলার বরাতে পিপি আব্দুল কাদের বলেন, ২০০৯ সালে সিরাজুলের সঙ্গে একই উপজেলার রাম নারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের (২৭) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে লতাকে নির্যাতন করতেন সিরাজুল। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
২০২০ সালের ২৭ এপ্রিল উপজেলার জোকাদহ বটতলা এলাকায় লতার মৃতদেহ পাওয়া যায়। ঘটনার পরদিন লতার বাবা লালপুর থানায় অপমৃত্যুর মামলা করেন।
তিনি বলেন, তদন্তের এক পর্যায়ে লতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর সিরাজুলকে আসামি করে থানায় মামলা করেন লতার বাবা।
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার তৎকালীন এসআই মো. মেসবাউল হক আদালতে অভিযোগপত্র প্রদান করেন বলে জানান পিপি আব্দুল কাদের।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
