Published : 09 Feb 2026, 09:33 AM
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গাড়ির ধাক্কায় একটি পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
সোমবার রাত ২টার দিকে নিমতলা আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- যশোরের রাজারহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মিজানুর রহমানের ছেলে পিকআপ ভ্যানের চালক সুজন (৩৭) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার জীবনের ছেলে চালকের সহকারী ইছারুল। ইছারুল যশোরে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, পিকআপ ভ্যানটি যশোর থেকে কাঁচা মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে একটি গাড়ি পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিলয় বলেন, ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সুজনের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় তার হেলপার ইছারুলকে তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানিয়েছেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহামুদুল হক বলেন, দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি তাদের থানায় রাখা হয়েছে। পিকআপ ভ্যানটি সরিয়ে নেওয়ার পর ঘটনাস্থলে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।