২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে তিন বাহনের সংঘর্ষে নিহত ২

পুলিশ জানায়, প্রাইভেটকার ও ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 03:30 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাইদ মো. খায়রুল আনাম জানান।

নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ (২২) ও একই গ্রামের কুটি মিয়ার ছেলে সাহেব আলী শেখ (৫০)।

আহতরা হলেন- পাপ্পু শেখ (১৮), সাবিনা (১৮) ও জান্নাতি (১০)। তাদের মধ্যে পাপ্পু ও সাবিনাকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জান্নাতিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবু সাইদ বলেন, “বরিশাল থেকে ঢাকাগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার চরপ্রসন্নদী এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পাশ দিতে গেলে ত্রিমুখী সংঘর্ষ হয়।

“এ সময় প্রাইভেটকার ও ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এবং অন্তত ১২ জন আহত হন।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাজিবের মৃত্যু হয়। আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাহেব মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা জানান।   

আবু সাইদ বলেন, “দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয়পাশে পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

“বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়িয়ে নিলে মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়।”