সেন্টমার্টিনে সোয়া ৩২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, আটক ৬
নৌকায় তল্লাশি করে প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করে কোস্ট গার্ড।
কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে; যেগুলো মিয়ানমারে তৈরি বলে ভাষ্য কোস্ট গার্ডের।
দুই দিন আগে চালানো এই অভিযানে ছয়জনকে আটক করা হয় বলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন সোমবার বিকালে।
আটকরা হলেন- মহেশখালী উপজেলার নাজির হোসেন (৪৫), রবিউল আলম (৩৫) ও আব্দুল আজিজ (২৭), নোয়াখালীর হাতিয়া উপজেলার নবির উদ্দিন (৪৯) এবং টেকনাফ উপজেলার ইদরিস (৩৬) এবং সামসুল আলম (২৮)।
লেফটেন্যান্ট কমান্ডার সুজন বলেন, শনিবার রাত ১১টার দিকে গোপন খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে চলে যায়। তবে কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া দিয়ে নৌকাটি আটক করে।
পরে নৌকায় তল্লাশি করে প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা বলে জানান তিনি।
জব্দ করা কারেন্ট জাল, চোরাচালানে ব্যবহৃত নৌকা এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
