১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আসাদুল হাবিব দুলু।

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগির শুরু হবে: ত্রাণমন্ত্রী
লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত ‘চাকরি মেলা’র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 03:51 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, “সরকারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন। সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।”

সোমবার দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত ‘চাকরি মেলা’র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে জানিয়ে দুলু বলেন, “বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

“দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় অভিশাপ এবং তা ভয়াবহ রূপ ধারণ করেছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে আগামী পাঁচ বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রাণ-আরএফএল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত এ চাকরি মেলায় জেলার কয়েক হাজার তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। সেখানে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।