Published : 16 Aug 2026, 11:16 AM
রাঙামাটির সদর উপজেলায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চারজন নিহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মানিকছড়িতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাঙামাটির কোতোয়ালি থানায় ওসি মো. জসীম উদ্দীন।
নিহতরা হলেন, নানিয়ারচর উপজেলার কৃষ্ণমা ছড়ার এলাকার মেঘরানী চাকমা (৪৫), একই উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শোভা চাকমা (৫২), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় শান্তনা চাকমা (৩৮) ও বিজয় নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহতরা হলেন, পিকআপের ড্রাইভার জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)। তারা দুজন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার উপজেলার কুতুকছড়ির হাটবাজারকে কেন্দ্র করে পিকআপে মালামাল নিয়ে বাজারে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে মানিকছড়িতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিরাপত্তার খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয়েছে। আহত দুইজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়।
পরে চট্টগ্রাম নেওয়ার পথে তিনিও মারা যান বলে জানিয়েছেন ওসি মো. জসীম উদ্দীন।
ওসি বলেন, নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।