ঢাকার বাড্ডা থানা থেকে লুটের পিস্তলসহ তরুণ গ্রেপ্তার কুমিল্লায়
এ সময় তার কাছ থেকে ম্যাগাজিন ও পিস্তলের আটটি গুলিও উদ্ধার করা হয়েছে দাবি করেছে র্যাব।
গত ৫ অগাস্ট ঢাকার বাড্ডা থানা থেকে লুট করা পুলিশের একটি পিস্তলসহ এক তরুণকে কুমিল্লায় গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাত ৮টার দিকে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান এ কথা জানান।
গ্রেপ্তার মো. তুহিন আলম (১৯) জেলার নাঙ্গলকোট উপজেলার খানগড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
এ সময় তার কাছ থেকে ম্যাগাজিন ও ৮টি গুলিও উদ্ধার করা হয়েছে দাবি করেছে র্যাব।
তুহিন ঢাকার উত্তর বাড্ডা স্বাধীনতা স্বরণি সড়ক এলাকায় একটি হোটেলে কাজ করতেন জানিয়ে র্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “গত ৫ অগাস্ট তুহিনসহ দুষ্কৃতকারীরা ঢাকার বাড্ডা থানায় আক্রমণ করেন। এক পর্যায়ে থানার ভেতর থেকে অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাট ও ধ্বংস করেন তারা। ওই সময় তুহিন আলম পিস্তল, ম্যাগাজিন ও গুলি লুট করে অসৎ উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখেন।
র্যাবের এই কর্মকর্তার ভাষ্য, একপর্যায়ে পুলিশের পিস্তল বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে কুমিল্লায় নিয়ে আসেন ওই তরুণ। পরে গোপন সংবাদে র্যাবের বিশেষ অভিযানে শনিবার রাতে কুমিল্লা নগরের টমছম ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার সঙ্গেই ছিল পিস্তল, ম্যাগাজিন ও গুলিগুলো।
মাহমুদুল হাসান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ অস্ত্র লুটে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
