চান্দিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
চান্দিনায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন শাওন, যাকে ইতোমধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কুমিল্লার চান্দিনা উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি।
সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির দাপ্তরিক ফেইসবুক পেইজে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “কুমিল্লা উত্তর জেলার আওতাধীন চান্দিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই উপজেলা কমিটি ঘোষণা করা হবে।”
কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
তবে চান্দিনায় (কুমিল্লা-৭) দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন আতিকুল আলম শাওন, যাকে এরই মধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে এলডিপির মহাসচিবের পদ ছেড়ে আসা রেদোয়ান আহমেদকে। শাওন লড়ঝেন কলসি মার্কায়।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, “শাওনকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা কমিটি বিলুপ্তির চিঠি এখনো হাতে পাইনি।”
