Published : 05 Aug 2026, 09:10 PM
জুলাই ‘শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ’ চালুর ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি।
উপাচার্য বলেন, “শহীদ রুদ্র সেন নিয়ে আমি প্ল্যান করেছি অনেক আগে। রুদ্র সেনের স্মরণে প্রতি বছর ‘শহীদ রুদ্র সেন মেমোরিয়াল স্কলারশিপ’ দিতে চাই। এ স্কলারশিপ ১৮ জুলাই দেওয়া হবে যেদিন রুদ্র সেন শহীদ হন।
“এটার জন্য বিশ্ববিদ্যালয় বাজেট থেকে ১০ লাখ টাকা শুরুতে রাখা হবে। দরখাস্ত করে আমরা ফান্ড আনব। না পাইলে বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড দেওয়া হবে। এটা ধারাবাহিক চলবে।”
এজন্য একটি কমিটিও করে দেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, স্থাপত্য বিভাগীয় প্রধানসহ আট সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ফারুক মিয়া ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসনে, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন মো. আহমেদ কবির চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে সকালে সিলেটের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, শোভাযাত্রা এবং সব বিভাগের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।